ফিল দ্য লাভ ডে : ভালোবাসার নানা রূপ উদযাপনের দিন

মাহাফুজুল হাসান মেহেদীঃ-  ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মাঝেই আবদ্ধ নয়; এটি ছড়িয়ে আছে পরিবার, বন্ধু, পোষা প্রাণী, প্রকৃতি কিংবা নিজের প্রতি মমত্ববোধের মাঝেও। ভালোবাসার এই বহুমাত্রিক অনুভূতিকে নতুন করে উপলব্ধি করতে পালিত হয় ‘ন্যাশনাল ফিল দ্য লাভ ডে’ বা ভালোবাসা অনুভব দিবস।

 

 

ইতিহাসের আড়ালে ভালোবাসার চিরন্তন রূপ

এই দিবসটির সূচনার সুনির্দিষ্ট ইতিহাস না পাওয়া গেলেও ভালোবাসার বার্তা মানবসভ্যতার মতোই প্রাচীন। শেক্‌সপিয়রের সনেট থেকে শুরু করে বহু কালজয়ী শিল্পকর্ম—যুগ যুগ ধরে রূপায়িত হয়ে এসেছে অনুভূতির এই চিরন্তন প্রকাশ। সেই মায়াময় অনুভূতিকেই আজকের আধুনিক ব্যস্ত জীবনে উদযাপনের সুযোগ করে দেয় এই দিনটি।

 

 

দিবসটি উদযাপনের কিছু সহজ উপায়

  • সঙ্গীর জন্য স্পেশাল উপহার: পুরনো স্মৃতির স্থানে সঙ্গীকে নিয়ে ছোট কোনো রোমান্টিক যাত্রা বা স্ক্যাভেঞ্জার হান্ট এবং রাতে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করতে পারেন। ভালোবাসার ছোট বার্তাও রেখে দেওয়া যায় তার চোখে পড়ার মতো জায়গায়।

  • পারিবারিক অ্যালবাম: পরিবারের সদস্যরা মিলে পুরনো ছবি ও স্মৃতিচিহ্ন দিয়ে একটি ‘পারিবারিক স্মৃতির বই’ বানাতে পারেন, যা সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করবে।

  • পোষ্যের যত্ন ও প্রকৃতিপ্রেম: পোষা প্রাণীকে কিছুটা বাড়তি সময় দেওয়া, তার জন্য বিশেষ স্ন্যাক্স বা খেলার আয়োজন করা যেতে পারে। পাশাপাশি প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটানো মনকে দেবে নতুন সতেজতা।

  • বন্ধুত্ব ও আত্মপ্রেম: পুরনো বন্ধুদের সাথে ভার্চুয়াল আড্ডা দেওয়া কিংবা পছন্দের কাজ, যোগব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার রান্নার মাধ্যমে নিজেকে কিছুটা সময় প্রদান করাও এই দিনের অন্যতম সুন্দর উদযাপন।

ভালোবাসা প্রকাশের জন্য খুব বড় আড়ম্বরের প্রয়োজন নেই; ছোট ছোট আন্তরিক যত্নই প্রিয়মানুষের মুখে এনে দিতে পারে অমলিন হাসি।