দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি এবার কানাডায় গিয়ে নতুন সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা।‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। নতুন এই সিনেমায় জায়েদ খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলা।
সিনেমার শুটিং শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুটেও অংশ নিয়েছেন জায়েদ খান। পাশাপাশি সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’
জানা গেছে, উত্তর আমেরিকার প্রবাসী বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হবে ‘ভায়োলেন্স’। সেই দর্শকদের চাহিদা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। পাশাপাশি নির্মাণে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি।
শিগগিরই কানাডায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ বড় পরিসরে উত্তর আমেরিকার লোকেশনে এবার দেখা যাবে জায়েদ খানকে।

