স্পোর্টস ডেস্কঃ- ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে আগামী ১৯ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচটি শুধু শিরোপা নির্ধারণই করবে না, দুই দলের বিশ্বকাপ ইতিহাসেও যোগ করবে নতুন অধ্যায়।
এবারের ফাইনাল হবে আর্জেন্টিনার ইতিহাসে সপ্তম বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে স্পেন খেলবে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম ও একমাত্রবারের মতো শিরোপা জিতেছিল স্প্যানিশরা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড জার্মানির।
ইউরোপের দলটি মোট আটবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এরপরই রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল, যারা সাতবার করে ফাইনাল খেলেছে।
ইতালি ছয়বার, ফ্রান্স চারবার এবং নেদারল্যান্ডস তিনবার ফাইনালে জায়গা করে নিয়েছে।শিরোপার হিসেবে অবশ্য সবার ওপরে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ এই পাঁচ আসরে বিশ্বকাপ জিতে রেকর্ড গড়েছে সেলেসাওরা। জার্মানি ও ইতালি চারবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা জিতেছে তিনবার ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে। এছাড়া ফ্রান্স ও উরুগুয়ে দুটি করে, আর স্পেন ও ইংল্যান্ড একটি করে বিশ্বকাপ শিরোপা জিতেছে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা-খরা ঘোচায়। এর আগে ১৯৭৮ সালে নিজেদের মাটিতে নেদারল্যান্ডসকে এবং ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা।
এবার স্পেনকে হারাতে পারলে আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে স্পেনের সামনে রয়েছে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জিততে পারলে তারা উরুগুয়ে ও ফ্রান্সের কাতারে যোগ দেবে, যাদের ঝুলিতে রয়েছে দুটি করে বিশ্বকাপ শিরোপা।